নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিটের ফাইজুল হক গোলাপের সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন বিএমইউজের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাউজ্জামান জুয়েল।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, সাংবাদিক আলিফ ফকিরকে ছয়টি গুলি করে হত্যা করা হয়েছে। এমন নৃশংস ঘটনার পরও হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের গ্রেপ্তার করতে না পারা অত্যন্ত উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক হত্যার মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিত না হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা বাড়বে। তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উতরাইল বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকির। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
