উপজেলার পাইন্দং-এ জঙ্গলের ভেতর পরিত্যাক্ত অবস্থায় পাওয়া গেল এক জ্যান্ত নবজাতক শিশু কন্যা। খবর পেয়ে কাপড় মোড়ানো অবস্থায় এ শিশুটি উদ্ধার করা হয়।
শিশুটির বয়স আনুমানিক এক থেকে দুই দিন। উদ্ধারের পর তাকে নাজিরহাট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটি জীবিত রয়েছে এবং তার শারীরিক অবস্থা আপাতত ভালো।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং ২ নম্বর ওয়ার্ডের আমতল এলাকার জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় দুই যুবক তৈয়ব ও মহিউদ্দীন গ্রামীন রাস্তার পাশের জঙ্গলে শিশুটিকে পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করিয়ে নারী পুলিশ সদস্যের সহায়তায় শিশুটিকে নাজিরহাট মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শিশুটি এখনো জীবিত রয়েছে এবং তার শারীরিক অবস্থা ভালো বলে প্রাথমিকভাবে জানা গেছে। কে বা কারা শিশুটিকে জঙ্গলে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। শিশুটিকে এভাবে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন তারা।
শিশুটির পরিচয় শনাক্ত এবং তাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়ার ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
The post ফটিকছড়ির জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় জীবিত নবজাতক উদ্ধার appeared first on Dhaka Protidin.
