এআই দিয়ে তৈরি গান সহজেই শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে ইউটিউব মিউজিক। এখন থেকে যেসব গানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেসব গানের পাশে বিশেষ ‘এআই’ লেবেল দেখা যাবে। এর মাধ্যমে শ্রোতারা সহজেই বুঝতে পারবেন, কোন গান তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন থেকে জানা যায়, গানের নামের ঠিক নিচে বিশেষ আকৃতির ‘এআই’ লেবেলটি থাকবে। সম্পূর্ণ এআই দিয়ে তৈরি গানের পাশাপাশি যেসব গানের কণ্ঠস্বর বা গুরুত্বপূর্ণ অংশ তৈরিতে এআই মডেল ব্যবহার করা হয়েছে, সেগুলোতেও এই লেবেল যুক্ত হবে। অর্থাৎ, গান তৈরিতে এআই উল্লেখযোগ্য ভূমিকা রাখলেই লেবেলটি দেখা যেতে পারে।
লেবেলটিতে ট্যাপ করলে গান তৈরিতে এআই কীভাবে ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ফলে গানটি শোনার বিষয়ে শ্রোতারা আরও সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন।
ইউটিউবের মূল প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি ভিডিও শনাক্ত করার জন্য আগে থেকেই লেবেল ব্যবস্থা রয়েছে। এবার ইউটিউব মিউজিকে এই সুবিধা চালুর পাশাপাশি ভবিষ্যতে মূল ইউটিউবের ভিডিও প্লেয়ারেও একই ধরনের লেবেল যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এআই দিয়ে তৈরি বিপুল পরিমাণ গান ও অডিও কনটেন্টের বিস্তার ঠেকাতে অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মও উদ্যোগ নিচ্ছে। স্পটিফাই ভুয়া শিল্পীদের শনাক্ত করার জন্য লেবেল ব্যবস্থা নিয়ে কাজ করছে। অন্যদিকে, ডিজার এআই দিয়ে তৈরি গান ফিল্টার করার ব্যবস্থা বাস্তবায়ন করছে।
নতুন এই উদ্যোগের ফলে ইউটিউব মিউজিকে গান শোনার সময় এআইয়ের ব্যবহার সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাবেন শ্রোতারা।
