অনলাইন ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় শুরু থেকেই জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। প্রথম দিকের গণনায় ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়–এর দল তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি–এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে শুরু করেছে বিজেপি।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম ও পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হয়। প্রথম দিকে বিজেপি ৪০টি এবং তৃণমূল ৩৯টি আসনে এগিয়ে ছিল। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়িয়ে বিজেপি ৭১টি আসনে এগিয়ে যায়, আর তৃণমূল এগিয়ে থাকে ৪৭টি আসনে।
ভোট গণনাকে কেন্দ্র করে বিভিন্ন গণনা কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কলকাতাসহ বিভিন্ন এলাকায় সকাল থেকেই দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ভিড় দেখা গেছে।
ভারতের গণমাধ্যমগুলোর তথ্যমতে, দুপুরের মধ্যেই সামগ্রিক ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে পারে। তবে কয়েকটি আসনের চূড়ান্ত ফল পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
