গ্রেপ্তার দুই মহিলা।ছবি: Ei Samay
Published on
:
2 min read
সোনার গয়না দেখার নাম করে দোকানে ঢুকে লক্ষাধিক টাকার সোনার চেন চুরির অভিযোগ। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে কলকাতা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া ১২ গ্রাম ওজনের সোনার চেন।
গয়না দেখার নাম করে সোনার চেন চুরির অভিযোগ
গত ৮ অক্টোবর স্বর্ণব্যবসায়ী সুশান্ত নিয়োগীর দোকানে ঘটনাটি ঘটে। অভিযোগ, সোনার গয়না দেখার নাম করে দোকানে ঢুকে ১ লক্ষ ৭২ হাজার টাকা মূল্যের সোনার চেন চুরির অভিযোগ উঠল দুই মহিলার বিরুদ্ধে। ঘটনাটি মালদার ইংরেজবাজারের বিএস রোডের। এই ঘটনায় কলকাতা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
সিসিটিভি ফুটেজে সূত্র
চুরির ঘটনার পরে বিএস রোডের ব্যবসায়ীরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দেন। ওই ফুটেজে পর পর তিনটি দোকানে দুই মহিলার ঢোকার ছবি ধরা পড়ে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালানো হয়।
কলকাতা থেকে গ্রেপ্তার দুই মহিলা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার থানার আইসি পঙ্কজ সিংয়ের নির্দেশে অফিসার আনসারুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম কলকাতা থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম মুমতাজ বিবি (৫২) ও সোনিয়া ইয়াসমিন (৩৮)। পুলিশ সূত্রের দাবি, সোনিয়া ইয়াসমিনের বাড়ি উত্তর ২৪ পরগনায়। মুমতাজ কলকাতার ধর্মতলা এলাকায় থাকেন। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
উদ্ধার সোনার চেন
পুলিশ সূত্রে জানানো হয়েছে, চুরি যাওয়া ১২ গ্রাম ওজনের সোনার চেন উদ্ধার হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার বলেন, ‘চুরি যাওয়া গয়না উদ্ধারের পরে আমরা আশ্বস্ত হলাম, প্রশাসন আমাদের সঙ্গে থাকছে। তারা সক্রিয় ভাবে কাজ করেছে। আমি খুশি।’