অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজার সফর করবেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। শুক্রবার তাঁর কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা রয়েছে।
সূত্রগুলোর মতে, এ সফরের অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতির অগ্রাধিকার সম্পর্কে মার্কিন প্রশাসনের স্পষ্ট ধারণা লাভ এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করা।
সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ইতিবাচক ছিল এবং বর্তমান সরকারের সময়ে সেই সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।
কূটনৈতিক মহলের প্রত্যাশা, সার্জিও গরের এ সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
চলতি বছরের জানুয়ারিতে সার্জিও গর ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত হিসেবে তিনি বাংলাদেশ, ভারত, নেপালসহ এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করছেন। ঢাকা সফরের আগে তিনি নেপাল ও শ্রীলঙ্কাও সফর করেছেন।
