
সৌদি আরবে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। দেশটির গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা ও সংঘাতের ঝুঁকির বিপরীতে রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা থাকায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টার দিকে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য আগের দিনের তুলনায় ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলার ৫৮ সেন্টে পৌঁছায়।
এর আগে মঙ্গলবারের লেনদেন শেষে ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে দাঁড়িয়েছিল। তবে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে। এ সময় তেলটির ফিউচার মূল্য ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে ওঠে। রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হুথিদের হামলার খবরের পর সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, ওই হামলায় সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে সংঘাত ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। এ কারণে দেশটির তেল স্থাপনায় হামলার ঘটনাগুলো বাজারে প্রভাব ফেলছে।
অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা বাজারের সরবরাহ পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে। ফলে একদিকে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা, অন্যদিকে সরবরাহ বাড়ার সম্ভাবনা—দুই বিপরীত পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা লেনদেন করছেন। এতে বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা অব্যাহত রয়েছে।
The post সৌদি আরবে সংঘাতের শঙ্কায় বাড়ল বিশ্ববাজারে তেলের দাম appeared first on অর্থসূচক.
