কালবেলা · আন্তর্জাতিক
গাজায় যুদ্ধবিরতির পরও ৩৪০ শিশুকে হত্যা
১৭/১০/২০২৬

গাজায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ৩৪০টিরও বেশি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও শত শত শিশু। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস এ তথ্য জানিয়েছেন।
শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে পিরেস বলেন, গাজা উপত্যকায় চলমান অবরোধের মধ্যেও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে।
তিনি জানান, গত দুই সপ্তাহে হামলায় পাঁচ ছেলে ও দুই মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ৩৩ শিশু গুরুতর আহত হয়েছে।
ইউনিসেফের মুখপাত্র আরও জানান, গাজায় প্রায় আট লাখ শিশু এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। তাদের অধিকাংশই তাঁবু কিংবা অনিরাপদ ভবনে আশ্রয় নিয়েছে।
আসন্ন শীত মৌসুমে এসব শিশুর দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের অমানবিক ও বসবাসের অনুপযোগী পরিবেশে শীতকাল কাটাতে হতে পারে।
গাজায় চলমান অবরোধ, বাস্তুচ্যুতি ও নিরাপদ আশ্রয়ের সংকট শিশুদের জীবন ও সুরক্ষার জন্য গুরুতর উদ্বেগ তৈরি করছে বলে ইউনিসেফের বক্তব্যে উঠে এসেছে।
সূত্র: আল জাজিরা
মূল প্রতিবেদনে যান ↗