প্রকাশিত: ১৪:০১, ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন তপনচন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখনচন্দ্র দাস (২০)। তাদের গ্রামের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখনচন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তপনচন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. মাকসুদুল আলম জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
