গ্রাহকদের জন্য প্রযুক্তিনির্ভর সেবা ও জীবনধারাভিত্তিক সুবিধা সম্প্রসারণের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘ফিনটেক ইনোভেশন অব দ্য ইয়ার—এনবিএফআই’ শীর্ষক পুরস্কার পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটির উচ্ছ্বাস কার্ডের জন্য এ স্বীকৃতি দেয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা রেস্তোরাঁ, হোটেল ও রিসোর্ট, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ভ্রমণ, ইলেকট্রনিকস, লাইফস্টাইল এবং ডিজিটাল বিনোদনসহ বিভিন্ন খাতে বিশেষ ছাড় ও বাড়তি সুবিধা পাচ্ছেন। এ কার্ডের লক্ষ্য আর্থিক সেবার পাশাপাশি গ্রাহকদের দৈনন্দিন জীবনেও বাড়তি সুবিধা নিশ্চিত করা। আইপিডিসি ফাইন্যান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
কার্ডটির ব্যবস্থাপনায় নিজস্ব প্রযুক্তিতে একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করেছে আইপিডিসি। এর মাধ্যমে কিউআর কোড ব্যবহার করে গ্রাহকের সুবিধা পাওয়ার যোগ্যতা যাচাই, অফার গ্রহণ ও অংশীদার মার্চেন্টদের কার্যক্রম পরিচালনা করা যায়। পাশাপাশি গ্রাহকদের অফার ব্যবহারের ধরন বিশ্লেষণ করে তাদের চাহিদা অনুযায়ী সুবিধা বাড়ানোর সুযোগ রয়েছে। এছাড়া চাহিদা অনুযায়ী নতুন অফার যুক্ত করা এবং অংশীদার মার্চেন্টের সংখ্যা বাড়ানোর উপযোগী করে প্লাটফর্মটি তৈরি করা হয়েছে। ২০২৬ সালের মে মাসে চালুর পর থেকে আগস্ট পর্যন্ত এ উদ্যোগের আওতায় চার শতাধিক গ্রাহককে সেবা দেয়া হয়েছে।
পুরস্কার সম্পর্কে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘আমরা বিশ্বাস করি, আর্থিক সেবা শুধু লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর মাধ্যমে গ্রাহকদের বাড়তি সুবিধাও নিশ্চিত করা সম্ভব। উচ্ছ্বাস কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম গ্রাহকদের দৈনন্দিন অভিজ্ঞতাকে আরো সহজ ও সুবিধাজনক করতে প্রযুক্তির ব্যবহারের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উচ্ছ্বাস কার্ডের এ স্বীকৃতি আইপিডিসি ফাইন্যান্সের ডিজিটাল সেবা সম্প্রসারণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ। প্রযুক্তির ব্যবহারে গ্রাহক অভিজ্ঞতার উন্নয়ন, জীবনধারাভিত্তিক সুবিধা সহজলভ্য করা এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
