তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষনেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে।বুধবার দিল্লির স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়েছিল তাদের। তিনি দুই শীর্ষনেতাকে মুক্তি দিয়েছেন।
যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে সরিয়ে সেখানে যাবতীয় আন্দোলন কর্মসূচি নিষিদ্ধ করে দেওয়ার পরে গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সেখানে ঢুকেছিলেন রাঙ্কা, সৌরভেরা। তাদের সঙ্গে সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্দে এবং আরও ১১ জন ছিলেন। সকলকে আটক করে পুলিশ। শিন্দে-সহ বাকিদের পরে ছেড়ে দেওয়া হলেও সৌরভদের গ্রেফতার করা হয়েছিল।
১৪ অক্টোবর তাদের পাঁচ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সেই থেকে তিহাড় জেলে ছিলেন সৌরভেরা। পাঁচ দিন পর আবার তাদের হেফাজতের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। বুধবার সেই মেয়াদ শেষ হওয়ার পর আদালতে হাজির করানো হয় সৌরভদের। সওয়াল-জবাব শেষে স্পেশ্যাল এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট দুই সিজেপি নেতাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
