ব্যাটারিচালিত ইজিবাইক বা টমটমে বসা নিয়ে দুই নারীর বাগ্বিতণ্ডাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
রোববার বিকালে উমেদনগর পশ্চিম এলাকার মোল্লাবাড়ি ও খাঁ বাড়ির লোকজনের মধ্যে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, রোববার দুপুরে টমটমে বসা নিয়ে উমেদনগরের খাঁ বাড়ির সৈয়দ আলী এবং মোল্লাবাড়ির আফিল উদ্দিনের পক্ষের দুই নারীর বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে বিকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে শামছুল হক খান (৩০), সানি মিয়া (২৪), মোবারক খান (১৮), সুজন মিয়া (৩০), ইমতিয়াজ খান (২৩), সিফাজুল (৩০), সালেক খান (৩৫), ইয়াসিন খান (২৫), আব্দুল মন্নান (৫৫), সোহান মিয়া (২২), তাউছ মিয়া (৩০), শিফাজুল খান (৩০), ইব্রাহিম খান (২৮), লাদেন খান (২৪), দৌলত খান (২৪), জালাল খান (২৫), হাফিজুল খান (৩৫), জাবেদ খান (৩০) আফজাল আহমেদ (২৯), লকুজ মিয়া (৪৫), নিহাদ মিয়া (২২), আবজল খান (৩৮), কামাল খান (৪৫), মর্তুজ আলী খান (৩৪), কামরুল ইসলাম (৩০), রোহান (১৮), আশরাফুল (৩৯), সালমান (১৪), হোসাইন (১৬), আনফর (৪৫), আহাদ মিয়া (৪৯), মাসুক মিয়া (৫৮), ফরহাদ (২৮), জুয়েল মিয়া (৩৫), সামিউল খান (৪২), মনু খান (৪৫), সিরাজুল (২৭), তাজুল ইসলাম (৩৫), কারিমুন্নেছা (৭৫), সোহান (১৮), আনাউর রহমান (৪৮), এনাম খান (৪০), জানু মিয়া (৪০), সুমাইয়া (২২), সোহাগ মিয়া (২৫)কে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জাহিদুল হক বলেন, খবর পেয়ে হবিঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
