সিলেটে স্ত্রীর ছবি ও ভিডিও ধারণে নিষেধ করায় বিরোধের জেরে হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক সিসিকের পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম তথ্যটি জানান।
নিহত হৃদয় কুমার হরিজন সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।
সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, গ্রেপ্তারকৃত আসামি ইমন আহমেদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রুমান আহমদ সাজ্জাদের বিরুদ্ধে চুরির দুটি মামলা ও দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া পারভেজের বিরুদ্ধে চুরির পাঁচটি মামলা রয়েছে।
হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে সারোয়ার মুর্শেদ শামীম বলেন, গত ১১ অক্টোবর রাতে ভিডিও ধারণে নিষেধ করাকে কেন্দ্র করে হৃদয় হরিজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাষ্টঘর সুইপার কলোনি-সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় তাকে ধারালো চাকু দিয়ে আঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় গত ১২ অক্টোবর কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়। পরে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার এক নম্বর আসামিসহ পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
