ভোলা প্রতিনিধি:নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন, উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন এবং বেকারত্ব কমানোর উপায় নিয়ে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও কেন অনেক শিক্ষার্থী বেকার থাকেন, বেকারত্ব কমাতে কী ধরনের উদ্যোগ প্রয়োজন এবং শিক্ষার্থীরা কীভাবে নিজেদের কর্মজীবনের জন্য প্রস্তুত করবেন—এসব বিষয়ে নবীনদের সচেতন হতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে এস এম ফরহাদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবন থেকেই ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভর না করে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, বাস্তবমুখী জ্ঞান ও নিজেদের যোগ্যতা বিকাশে মনোযোগী হতে হবে।
এ সময় তিনি ভোলা সরকারি কলেজে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং পরে তা বাতিলের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, আজকের অনুষ্ঠানটি ভোলা সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজন করা সম্ভব হলে আরও ভালো হতো। তাঁর অভিযোগ, একটি ‘সন্ত্রাসী সংগঠনের’ বাধার কারণে কলেজ প্রশাসন প্রথমে অনুমতি দিলেও পরে তা বাতিল করে। তিনি আরও অভিযোগ করেন, সারা দেশেই ওই সংগঠন এ ধরনের নৈরাজ্য চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দাওয়াহ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, ভোলা শহর শিবির সভাপতি মাওলানা হাসনাইন আহমেদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মো. আল আমিন। সঞ্চালনা করেন শাখাটির সাবেক সভাপতি আরিফ আহমেদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ভোলা জেলা সভাপতি আব্দুল্লাহ আল জায়েদ, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কামাল হোসেন, পৌর আমীর জামাল উদ্দিন, ছাত্রশিবিরের ভোলা শহরের সাবেক সভাপতি নাহিদ হাসান, শহর সেক্রেটারি তাহসান সোহেল, কলেজ সেক্রেটারি কামরুল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীরা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভোলা সরকারি কলেজ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
ভোলা নিউজ / টিপু সুলতান
The post ভোলা সরকারি কলেজে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান appeared first on ভোলা নিউজ.
