আলাপচারিতায় ১৯৮৬ সালে ব্যান্ডটির শুরুর দিনগুলোর গল্প, স্টুডিও সেশনের অভিজ্ঞতা এবং প্রমিথিউস গড়ে ওঠার পেছনের নানা গল্প উঠে আসে।
Published : 15 Oct 2026, 04:21 PM
Updated : 15 Oct 2026, 04:21 PM
চার দশকের পথচলা আর শুরুর দিনের নানা গল্প ভাগাভাগি করতে রাজধানীর বনানীর আর্টিস্ট ক্লাবে এক হলেন শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘প্রমিথিউস’ এর সাবেক সদস্যরা।
যুক্তরাষ্ট্র থেকে ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট রেজওয়ান দশ দিনের সংক্ষিপ্ত সফরে দেশে ফেরায় বুধবার এ আড্ডা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার ও ম্যানেজার আনিসুজ্জামান আনিসের উদ্যোগে প্রমিথিউসের বিভিন্ন সময়ের সাবেক সদস্যরা আড্ডায় অংশ নেন।
পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট রেজওয়ান, বেজিস্ট বুলবুল, ড্রামার কোয়েল, সাউন্ড ইঞ্জিনিয়ার ও ম্যানেজার আনিসুজ্জামান আনিস, গিটারিস্ট অপু এবং কিবোর্ডিস্ট পল্লব।
তবে দেশের বাইরে থাকায় ব্যান্ডের প্রধান ভোকালিস্ট বিপ্লব এবং প্রতিষ্ঠাতা ও লিড গিটারিস্ট আরিফ সরাসরি বা অনলাইনে যুক্ত হতে পারেননি। আড্ডায় তাদের অবদানের কথা স্মরণ করেন উপস্থিত সদস্যরা।
আলাপচারিতায় ১৯৮৬ সালে ব্যান্ডটির শুরুর দিনগুলোর গল্প, স্টুডিও সেশনের অভিজ্ঞতা এবং প্রমিথিউস গড়ে ওঠার পেছনের নানা গল্প উঠে আসে।
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত প্রমিথিউস চার দশকে প্রায় ২০টি অ্যালবাম প্রকাশ করেছে। তার মধ্যে ‘মিলনের রক্ত’, ‘নির্জন শালবনে’, ‘স্বাধীনতা চাই’, ‘মুক্তির প্রত্যাশায়’, ‘প্রজন্মের সংগ্রাম’, ‘যোদ্ধা’ ও ‘স্মৃতির কপাট’-এর মত গানগুলো শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে।
