কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে চতুর্থ বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে জাতীয় দৈনিক কালবেলা। এ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় পঞ্চগড় প্রেসক্লাবে দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম আকাশের সভাপতিত্বে ও এখন টিভির পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমানের সঞ্চালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) অ্যাড. মির্জা নাজমুল ইসলাম প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং পরিবেশ আন্দোলনের সভাপতি অ্যাড. আনোয়ারুল ইসলাম খায়ের প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, দৈনিক কালবেলা স্বল্পসময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে। পত্রিকাটি দলমতের উর্ধ্বে উঠে অপ্রিয় সত্য কথা তুলে ধরে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক সহ সকল কলাকুশলীদের অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
প্রতিমন্ত্রী আরও বলেন, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা বজায় রেখে আগামীতেও দেশের উন্নয়ন, সম্ভাবনা ও জনমানুষের কথা বলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার তাপস ও ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফসান জাপান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক রিয়েল প্রধান, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খসরু লাভলু ও দৈনিক কালবেলার বোদা উপজেলা প্রতিনিধি রাজু আহম্মেদ সহ জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
The post বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত appeared first on সকালের খবর ২৪.
