ইনজুরির কারণে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। ডান হিপ জয়েন্টের সেই চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি এখনও। তবে শঙ্কা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে তাকে নিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিজ্ঞাপন
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দল ঘোষণার পর লিটন দাসের শারিরীক অবস্থার কথা জানিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'লিটনকে নিয়ে একটু কনসার্ন আছে। তবে আমরা আশাবাদী সে ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের খুব বেশি পরিবর্তন করতে হবে না। আমরা আশাবাদী এবং আত্মবিশ্বাসী।’
ইনজুরি সত্ত্বেও লিটনকে দলে নেয়ার পেছনে প্রধান কারণ হলো লাল বলের ফরম্যাটে তার দুর্দান্ত ধারাবাহিকতা। এই ফরম্যাটে দেশের অন্যতম সেরা ব্যাটার লিটন। গত ৫ বছরে এই ফরম্যাটে ৩০ ম্যাচ খেলে ২০৫৮ রান করেছেন লিটন। মিডল অর্ডার এবং উইকেটের পেছনে দলের অন্যতম ভরসা তিনি। সাদা জার্সিতে নিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এক ফিফটি ও এক সেঞ্চুরিতে ১৫৫ রান করেন লিটন। ওই ম্যাচে ৯ উইকেট নিয়ে দেশের জার্সিতে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও গড়েন তিনি। এমন দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটারকে পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিবি। যদি শেষ পর্যন্ত তাকে না-ই পাওয়া যায়, সেক্ষেত্রে জাকের আলী অনিক ফিরতে পারেন একাদশে।
ইনজুরির কারণে এই টেস্টের দলে নেই নাহিদ রানা। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে টি–টুয়েন্টি খেলতে গিয়ে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ। সেই চোট তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে দেয়নি, পুনর্বাসন প্রক্রিয়া শেষ না হওয়ায় ছিলেন না আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও। পুনর্বাসনের মধ্যেই নতুন করে নিতম্বে ব্যথা অনুভব করায় এই টেস্টেও নেই নাহিদ রানা।
এদিকে, না খেলে বাদ পড়েছেন সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও একাদশে ছিলেন না নাহিদ। তাকে এর আগে অস্ট্রেলিয়া সিরিজের দলেও রাখা হয়েছিল। সেখানেও খেলার সুযোগ পাননি এই ব্যাটার।
সৌম্যকে বাদ দেয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'টেস্টে আমাদের নিয়মিত ওপেনিং জুটিই হয়ত খেলবে। সে ক্ষেত্রে একাদশে সৌম্যর খেলার সম্ভাবনা বেশ কম ছিল। আমরা চেয়েছি, সে স্কোয়াডে বসে না থেকে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। যে কারণে আমরা দলে বাড়তি কোনো তৃতীয় ওপেনারও রাখিনি, যেন সবাই প্রথম শ্রেণির ম্যাচ খেলে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকতে পারে।'
পেসার খালেদ আহমেদকেও রাখা হয়নি এই টেস্টের স্কোয়াডে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রামে থাকা তাসকিন আহমেদকে দলে সুযোগ দেয়া হয়েছে। ইবাদত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে তাসকিন দলে ফেরায় চার পেসার নিয়েই সন্তুষ্ট নির্বাচকেরা। খালেদকে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ করে দিতে চান তারা।
এ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, 'আমাদের মূল তিন পেসারের সঙ্গে তাসকিন আহমেদ ফিরেছে। স্কোয়াডে চারজন পেসার যথেষ্ট হওয়ায় খালেদের এই মুহূর্তে সুযোগ হয়নি। আমরা চেয়েছি, যারা একাদশে সুযোগ পাবে না, তারা যেন প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিজেদের প্রস্তুত রাখে। দক্ষিণ আফ্রিকা সফর বা সামনের সিরিজগুলোতে পরিস্থিতি অনুযায়ী স্কোয়াডে পরিবর্তন হতে পারে।'
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২৮ অক্টোবর মিরপুরে। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট। দুটো ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
এদিকে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি বিনামূল্যে উপভোগ করতে পারবেন দর্শকরা। স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে টিকিট ছাড়া প্রবেশের সুযোগ পাবেন দর্শকরা। গ্র্যান্ড স্ট্যান্ড, শহিদ জুয়েল, শহিদ মুশতাক এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এরিয়ার জন্য প্রযোজ্য নয়।
প্রথম টেস্টের দল
নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।
