পাবনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ধারালো অস্ত্রসহ আব্দুল আলীম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে পাবনা সদর উপজেলার পীরপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল আলীমের বাড়ির আঙিনায় অভিযান চালানো হয়। এ সময় দুটি দেশীয় তৈরি অবৈধ ওয়ান শুটার গান ও ধারালো অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএ
