প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ পিএম
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস এ দিবসটি পালন করে।
‘ঘর থেকে শুরু করি,দুর্যোগ সহনশীল দেশ গড়ি’এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ূন রশীদ ও ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের কর্মীরা দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া প্রদর্শন করেন। এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।
