কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া সম্পর্কের জেরে স্থানীয় জনতার গণপিটুনির শিকার মো. মনির (৩০) নামের এক যুবককে দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে। আটক মো. মনির একই ইউনিয়নের সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মনির প্রবাসে অবস্থানকালে নোয়াইজ্জা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্কের সুযোগ নিয়ে তিনি ওই নারীর কাছ থেকে বিভিন্ন মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরে রোববার সকালে মনির সরাসরি ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন একত্র হয়ে তাকে ঘেরাও করে আটক করে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ সময় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের কাছ থেকে একটি দেশীয় এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) গুলজার আলম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা অবৈধ অস্ত্র ও কার্তুজসহ অভিযুক্তকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।