ডেইলি সিলেট ডট কম :: প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০২৬, ৫:৫৩ অপরাহ্ন | ৫:৫৩ অপরাহ্ন
| ০
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষার্থী আমেনা বেগম ও গালিবা করিম মাহাকে পুরস্কৃত করে উৎসাহিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার। এ স্বীকৃতিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, দুই শিক্ষার্থীকে পুরস্কৃত করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় সাহস জোগাবে এবং নতুন সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করা হয়।
গালিবা করিম মাহার বাবা ফয়ছল করিম বলেন, “আমার মেয়ে গালিবার এই গৌরবময় অর্জন আসলে পুরো দিরাইবাসীর অর্জন, দিরাইয়ের প্রতিটি শিক্ষার্থীর অর্জন। সে আমাদের সবার মুখ উজ্জ্বল করেছে। দেশবাসী ও দিরাইবাসীর কাছে বিনীত অনুরোধ, আপনারা সবাই গালিবার জন্য দোয়া করবেন, যেন সে আগামীতে আরও বড় পরিসরে সাফল্য অর্জন করতে পারে এবং দেশের কল্যাণে অবদান রাখতে পারে।”
মাতারগাঁও মোহাম্মদীয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসাইন বলেন, গালিবার অর্জনে তাঁরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একজন শিক্ষার্থীর এমন সাফল্য বিদ্যালয়ের পাশাপাশি পুরো দিরাইবাসীকে গর্বিত করেছে। সঠিক ইচ্ছা ও পরিশ্রম থাকলে যেকোনো বাধা পেরিয়ে সাফল্য অর্জন সম্ভব—গালিবার অর্জন তারই প্রমাণ।
তিনি গালিবার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, আগামী দিনেও সে আরও বড় সাফল্য অর্জন করে এলাকার মুখ উজ্জ্বল করবে বলে তাঁদের প্রত্যাশা। তিনি গালিবার জন্য সবার দোয়া কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন
- ফেইসবুক
- টুইটার
- গুগল প্লাস
- ইমেইল
সংবাদটি শেয়ার করুন:
