সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত হত্যাকান্ড শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যা মামলায় আসামি জিতেন্দ্র চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নারিকেলতলা গ্রামের প্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না নিখোঁজ হন। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তাঁর মরদেহের ৬ টি টুকরো দেখতে পান।
এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেন্দ্র চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত প্রধান আসামি জিতেন্দ্র চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
