আজ শুক্রবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি। কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করতে দিল্লি পুলিশের পক্ষ থেকে নির্দেশ জারির আর্জি জানানো হলেও তা খারিজ করে দিয়েছে দিল্লি হাই কোর্ট। গতকাল বৃহস্পতিবার দিল্লি হাই কোর্ট কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে ডাকা ‘তেরঙা ওড়াও’ বিক্ষোভ কর্মসূচি বন্ধের আবেদন নাকচ করে দেয়।
তবে আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন বাসুদেও সামব্রে এবং বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চ জানিয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে দিল্লি পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
আদালত পুলিশের দেওয়া এই আশ্বাস নথিভুক্ত করেছে যে, সমাবেশ সামাল দিতে তারা আইন অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণ করবে। খবর বিডিনিউজের।
এর আগে কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) উপর চাপ বাড়িয়েছিল দিল্লি পুলিশ। তাদের বার্তা ছিল, কনট প্লেসের মতো একটি অত্যন্ত ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এ ধরনের অননুমোদিত জমায়েতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ওদিকে, কনট প্লেসের একজন হকার এই কর্মসূচির বিরুদ্ধে আদালতে আবেদন দাখিল করেছিলেন। আবেদনকারীর আশঙ্কা ছিল যে, উৎসবের মৌসুমে মধ্য দিল্লিতে এই ধরনের বিক্ষোভ ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন যে, রাজনৈতিক বিক্ষোভের জন্য সেন্ট্রাল পার্ক উপযুক্ত জায়গা নয়। তিনি কনট প্লেসে বিধিনিষেধের ফলে ব্যবসার ওপর যে প্রভাব পড়তে পারে, তা তুলে ধরেন। আইনজীবী আরও উল্লেখ করেন যে, বিক্ষোভটি পড়েছে দশেরার সপ্তাহান্তে। তার দাবি, এই সময়ে ওই এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ড অনেক বেড়ে যাওয়ার কথা।
সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছিলেন ওই হকার। পরে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে উপস্থিত হয়ে জানান, সিজেপির কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে।
