নড়াইলে শেখহাটি ইউনিয়নের সারের ডিলার রাফিউল খানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আফরা চৌরাস্তায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিলার রাফিউল খান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মাসুম গাজী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। রাফিউল খান বলেন, সরকারের নীতিমালা মেনে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় শেখহাটি ইউনিয়নের সারের ডিলারশিপ পেয়েছি। নিজে কৃষক পরিবারের সন্তান। কৃষকরা যাতে কোনো ধরনের সার সংকটের সম্মুখীন না হন সে ব্যাপারে আমি বদ্ধপরিকর। স্থানীয় কতিপয় ষড়যন্ত্রকারী মিথ্যা ও বানোয়াটভাবে সারের ডিলারশিপ নিয়ে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।