ঢাকা,১৬ অক্টোবর-ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টা পর্যন্ত ২১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।
এর আগে, গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। ফরম পূরণ করার পর শনিবার (১৭ অক্টোবর) একই স্থান ও সময়ে তা জমা দিতে হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এস এম/ ১৬ অক্টোবর ২০২৬
