বগুড়ার নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। প্রথম ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হওয়ার পর মরদেহটি রেললাইন থেকে সরানোর আগেই এর ওপর দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে। বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার সাজেদুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার সকালে নারুলী এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ (টি-১ আপ) মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মমতার মৃত্যু হয়। তার মরদেহ রেললাইন থেকে সরিয়ে নেওয়ার আগেই ওই লাইন দিয়ে আরেকটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।
স্টেশনমাস্টার সাজেদুর রহমান জানান, পদ্মরাগ ট্রেনে কাটা পড়ার পর মরদেহটি সরানোর আগেই ৪৯০/২ ডাউন কলেজ ট্রেন নামে পরিচিত আরেকটি ট্রেন ওই স্থান অতিক্রম করে। এতে মরদেহটি দ্বিতীয়বারের মতো ট্রেনের নিচে পড়ে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
