ভারতে ক্রিকেট ধর্মের মতো। আর ক্রিকেটারদের তো প্রায় ভগবানের মর্যাদা দেওয়া হয়। পছন্দের তারকাদের জন্য কত কিছু করে ভক্তরা। তা বলে ১০০০ কিলোমিটার পায়ে হেঁটে যাত্রা? হ্যাঁ। এবার সেটাই করলেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার এক ভক্ত। তবে তাঁকে হতাশ হতে হয়নি। হার্দিক শুধু তাঁর সঙ্গে দেখাই করেননি। ফিরে যাওয়ার জন্য টিকিটের ব্যবস্থাও করে দেন।
ওই ভক্তের নাম রবি রাওয়াত। বাড়ি লখনউয়ে। হার্দিকের অন্ধভক্ত। ভারতীয় অলরাউন্ডার এখন বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন। চোট সারাতে রিহ্যাব চলছে। তাই প্রথমে মুম্বইয়ে এসে হতাশ হতে হয় রবিকে। তারপর শুরু হয় ৩৩ বছর বয়সি ভক্তের নতুন সফর। মুম্বই থেকে বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স প্রায় ১০০০ কিলোমিটার দূরে। রবি ঠিক করেন হেঁটে এই পথ পাড়ি দিয়ে হার্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন।
যেমন ভাবা, তেমন কাজ। হেঁটে রওনা দিলেন রবি। বেঙ্গালুরুতে এসে হার্দিকের সঙ্গে সাক্ষাৎও হয়। তাঁদের সাক্ষাতের মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাইরাল। সেখানে টিম ইন্ডিয়ার অলরাউন্ডার বলেন, “তোমার কী আর কিছু লাগবে? আমি তোমার জন্য আর কিছু করতে পারি?” জানা গিয়েছে, রবির ফেরার জন্য ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন হার্দিক। তিনি কথা দেন, পরে রবির সঙ্গে যোগাযোগ করবেন।
A fan walked all the way from Mumbai to Bengaluru just to meet Hardik Pandya, and Hardik not only met him warmly but also arranged his return ticket @hardikpandya7 https://t.co/cx62NNHpaE
— Rohan Gangta (@rohangangta) October 19, 2026
এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে হার্দিক। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ‘এ’ দলের হয়ে খেলার কথা ছিল তাঁর। সেই সম্ভাবনাও বিশ বাঁও জলে। চোটের কারণে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেখানে হার্দিকের কামব্যাক হবে না।
