ডেমোগর্গন। ‘স্ট্রেঞ্জার থিংস’ যাঁরা দেখেছেন তাঁদের সকলেরই চেনা ভিনগ্রহী ভয়াল এই দানবই কিনা এবার উঁকি দিল মেক্সিকোয়! নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এক অদ্ভুতদর্শন ছবি। আমেরিকার ‘আর্বান লিজেন্ড’ অনুযায়ী, এখানে বিভিন্ন সময়ে রহস্যময় প্রাণীকে দেখতে পাওয়া যায়। এবার যে প্রাণীটিকে দেখতে পাওয়া গেল তাকে ঘিরে নতুন রহস্য তৈরি হল। তবে ছবিটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
দিনকয়েক আগে, গত ১৭ অক্টোবর প্রকাশ্যে আসা ছবিটিতে ওই প্রাণীকে দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। ‘ডেলি মেলে’র একটি প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর সাংবাদিক ও ইউএফও বিশেষজ্ঞ হাইমে মাউসান দাবি করেছেন যে, মেক্সিকোর রিও গ্রান্দে নদীর তীরবর্তী ভ্যালি অফ হুয়ারে এই প্রাণীটিকে দেখা গিয়েছে। কেবল দেখতে পাওয়াই নয়, সে নাকি দিব্যি মুরগি, মোরগ ও খরগোশ শিকারও করেছে!
El programa Interestelar de Jaime Maussan presentó las imágenes de una extraña criatura vista en Ciudad de Juárez, México, que estaría realacionada con una serie de ataques a gallinas y otros animales de corral de esa comunidad…
https://t.co/vU8w7wH309
— Expediente Oculto (@ExpedienteOcult) October 21, 2026
কেমন দেখতে প্রাণীটিকে? অতিকায় সাদাটে দানাবিক জীবটির লেজ বেশ লম্বা। পাগুলি লম্বাটে। মাউসানের দাবি, পৃথিবীর পরিচিত কোনও প্রাণীর সঙ্গে এর সাদৃশ্য নেই। বরং ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ডেমোগর্গনের সঙ্গেই এর মিল বেশি। বলে রাখা ভালো, ডেমোগর্গনের কিন্তু কোনও সুস্পষ্ট মুখ নেই। বরং তা যেন এক ফুলের মতো। পাপড়ির মতো খুলে যায়, ভিতরে ঝকঝক করছে ধারালো দাঁত! যে প্রাণীটিকে দেখা গিয়েছে তার মুখ অবশ্য সেরকম নয়। কিন্তু শরীরী গড়ন, বিশেষ করে পা, লেজ ইত্যাদি যেন অবিকল ‘নেটফ্লিক্স’-এর ওই সিরিজের প্রাণীটির মতোই। পাশাপাশি মাউসানের, প্রাণীটি বেশ বুদ্ধিমান। তার আচরণে কেমন যেন মনুষ্যোচিত ‘ছোঁয়া’! মাথা থেকে লেজ পর্যন্ত উচ্চতা প্রায় ৬ ফুট! এর মধ্যে কেবল লেজের উচ্চতাই ৩ ফুট। তবে ভাইরাল ছবি থেকে স্পষ্ট নয়, প্রাণীটি আদপেই দুই পায়ে হাঁটতে সক্ষম কিনা।
কেন আচমকাই এমন এক প্রাণীর দর্শন মিলল এখানে? প্রশ্ন উঠছে। মাউসান বলছেন, তাঁর মতে এই প্রাণীটি মোটেই ভিনগ্রহের বাসিন্দা নয়। বরং তা এক ভিন্ন মাত্রার দুনিয়া থেকে আচমকাই এসে পড়েছে এখানে। স্থানীয় প্রশাসন অবশ্য বলছে, এমন কোনও প্রাণীকে দেখতে পাওয়ার কোনও দাবি তাদের কাছে আসেনি। ক্রমেই ঘনাচ্ছে রহস্য।

https://t.co/vU8w7wH309