শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ জেলার প্রায় শতাধিক পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা পরিষদ।
বুধবার (১৪ অক্টোবর) জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সুধীজন এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং পূজামণ্ডপগুলোর আয়োজনে সহযোগিতা করার লক্ষ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা আশা প্রকাশ করেন, জেলা পরিষদের এ উদ্যোগের মাধ্যমে পূজামণ্ডপগুলোর আয়োজন আরও সহজ হবে। পাশাপাশি বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।
তাঁরা বাংলাদেশের আবহমান অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ ধরনের উদ্যোগ ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা প্রদানের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।
The post মানিকগঞ্জে শতাধিক পূজামণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা appeared first on ভোরের চেতনা.
