২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি ২’ ছবির জনপ্রিয় গান ‘সুন রাহা হ্যায় না তু’। এই গানে কণ্ঠ দিয়েছিলেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। তবে গানটি একবার রেকর্ড করার পরও তাকে কেন দ্বিতীয়বার স্টুডিওতে ঢুকতে হয়েছিল, সম্প্রতি সেই পেছনের গল্পটি প্রকাশ করেছেন তিনি।
বিলবোর্ড ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় শ্রেয়া জানান, ছবির পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাট তাকে গানটি আরও সহজভাবে গাওয়ার অনুরোধ করেছিলেন। কারণ, ছবিতে শ্রদ্ধা কাপুরের চরিত্রটি তখনো পেশাদার গায়িকা হয়ে ওঠেনি। সে কেবল একটি ক্লাব বা বারে গান গাইত এবং সেখান থেকেই তার গায়িকা হওয়ার যাত্রা শুরু হয়েছিল।
প্রথমবার গানটি রেকর্ড করার সময় নিজের গায়কির ধরন ও ব্যাখ্যা অনুযায়ী গেয়েছিলেন শ্রেয়া। গানে নিজের মতো করে নানা কণ্ঠের কারুকাজও রেখেছিলেন তিনি। পরে পরিচালক ও প্রযোজক তাকে বোঝান যে চরিত্রটি তখনো গান সেভাবে শেখেনি। তাই গানটি আরেকবার সাধারণ সুরে গাইলে তা পর্দার চরিত্রের সঙ্গে বেশি মানানসই হবে।
তাদের কথা বুঝতে পেরে শ্রেয়া আবার গানটি রেকর্ড করতে রাজি হন। দ্বিতীয়বার গাওয়ার সময় অতিরিক্ত কারুকাজ বাদ দিয়ে একেবারে সাধারণ সুরে কণ্ঠ দেন তিনি। গায়িকার ভাষ্য, মঞ্চে গান পরিবেশনের সময় তিনি নিজের প্রশিক্ষিত গায়কি অনুসরণ করেন। কিন্তু সিনেমার ক্ষেত্রে চরিত্রের বয়স, অভিজ্ঞতা ও দক্ষতার দিকগুলো মাথায় রাখা জরুরি। ‘সুন রাহা হ্যায় না তু’ গাওয়ার সময় তাকে সেই বিষয়গুলোই বিবেচনায় নিতে হয়েছিল।
শ্রেয়ার মতে, সিনেমার গান গাওয়ার আগে ছবির গল্প ও চরিত্র সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কারণ, গায়কের কাজ শুধু সুর ঠিক রেখে গান গাওয়া নয়, বরং পর্দার চরিত্রের অনুভূতি ও পরিস্থিতিও কণ্ঠে ফুটিয়ে তোলা। মোহিত সুরি পরিচালিত ‘আশিকি ২’ মুক্তি পায় ২০১৩ সালে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। ছবিটির গানগুলো মুক্তির পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায় এবং আজও শ্রোতাদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে।
সূত্র: এনডিটিভি
