শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন কুমারী পূজা। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারীর মধ্যে দেবীশক্তির প্রকাশ ঘটে। এ বিশ্বাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।
দেবী দুর্গার প্রতীক হিসেবে ছয় বছর বয়সী ইরজা চক্রবর্তীকে পূজা করা হয়। দেবীরূপে মন্দিরের মঞ্চে আনার পর কুমারীকে একনজর দেখতে ভক্তদের ছিলো ব্যাপক আগ্রহ।
সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে দেবীশক্তি। আর সেই শক্তিকে শ্রদ্ধা জানাতে কুমারীকে দেবীজ্ঞানে পূজা করা। এ পূজার মধ্য দিয়ে নারীকে সম্মান ও মর্যাদা দেওয়ার বার্তাও তুলে ধরা হয়। কুমারী পূজা দেখতে মন্দিরে আসেন নানা বয়সী ভক্ত ও দর্শনার্থী। কেউ প্রার্থনায় অংশ নেন। কেউ আসেন দেবীরূপে কুমারীকে একনজর দেখতে।
