বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে একসময় ‘প্লাস্টিক’ বলে মন্তব্য করে ব্যাপক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা ইমরান হাশমি। এক দশকেরও বেশি সময় আগে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ করা ওই মন্তব্যের জন্য পরে অনুশোচনাও প্রকাশ করেন তিনি। অন্যদিকে, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে খারাপ মন্তব্য কী— এমন প্রশ্নের জবাবে ঐশ্বরিয়াও বলেছিলেন, ‘ভুয়া ও প্লাস্টিক’।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
২০১৪ সালে ‘কফি উইথ করণ’-এর চতুর্থ মৌসুমে চিত্রপরিচালক মহেশ ভাটের সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ইমরান হাশমি। অনুষ্ঠানের দ্রুত প্রশ্নোত্তর পর্বে সঞ্চালক করণ জোহর তাকে প্রশ্ন করেন, ঐশ্বরিয়া রাই বচ্চনের নাম শুনলে প্রথমে কী মনে আসে?
উত্তরে ইমরান এক শব্দে বলেন, ‘প্লাস্টিক’। তার এ মন্তব্যে মহেশ ভাটও বিস্মিত হয়েছিলেন। পরে এটি অনুষ্ঠানের অন্যতম আলোচিত ও বিতর্কিত মুহূর্তে পরিণত হয়।
বিতর্কের পর বিভিন্ন সাক্ষাৎকারে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন ইমরান। তিনি জানান, ঐশ্বরিয়াকে অপমান করার উদ্দেশ্য তার ছিল না। বরং অনুষ্ঠানটির দ্রুত প্রশ্নোত্তর পর্বে পুরস্কার জেতার আকাঙ্ক্ষা থেকেই এমন উত্তর দিয়েছিলেন।
২০১৪ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেছিলেন, তিনি ঐশ্বরিয়ার বড় ভক্ত এবং তার অভিনয়ের প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল। অনুষ্ঠানটির ধরন অনুযায়ী উত্তর দিতে গিয়ে এমন মন্তব্য করেছিলেন বলেও জানান তিনি।
পরে জুমকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ইমরান বলেন, অনুষ্ঠানটির ধরনই অতিথিদের এমন মন্তব্য করতে উৎসাহিত করে। তার ভাষায়, করণ জোহর অতিথিদের এ ধরনের কথা বলতে প্ররোচিত করেন।
২০২৪ সালে দ্য লাল্লানটপকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মন্তব্যের জন্য সরাসরি অনুশোচনা প্রকাশ করেন ইমরান। তিনি বলেন, ‘আমি এ জন্য অনুতপ্ত। আমি যাদের সম্পর্কে কথা বলেছি, তাদের সবার প্রতিই আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।’
কেন অনুতপ্ত, তার ব্যাখ্যায় ইমরান বলেন, মন্তব্যটি ছিল রুচিহীন। দ্রুত প্রশ্নোত্তর পর্বটি একটি খেলা ছিল এবং তিনি পুরস্কার জিততে চেয়েছিলেন। সে সময় পুরস্কার জেতার চিন্তা থেকেই কথাটি বলে ফেলেছিলেন বলেও জানান তিনি।
ইমরান জানান, ঐশ্বরিয়ার বড় ভক্ত হলেও তার সঙ্গে কখনো দেখা বা ব্যক্তিগতভাবে কথা হয়নি। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমাটি দেখার পর ঐশ্বরিয়াকে একনজর দেখতে তার ভ্যানিটির বাইরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন বলেও স্মৃতিচারণ করেন তিনি।
ঐশ্বরিয়া তার মন্তব্যে কষ্ট পেয়ে থাকলে সরাসরি ক্ষমা চাইতে চান বলেও জানান ইমরান। তিনি বলেন, ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করে জানতে চান, মন্তব্যটি তাকে আঘাত করেছিল কি না। একই সঙ্গে তাকে কষ্ট দিয়ে থাকলে দুঃখ প্রকাশ করেন অভিনেতা।
ইমরানের মন্তব্য নিয়ে ঐশ্বরিয়া কখনো সরাসরি প্রতিক্রিয়া জানাননি। তবে ২০১৯ সালে ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, তার সম্পর্কে কেউ সবচেয়ে খারাপ কী কথা বলেছেন? জবাবে ঐশ্বরিয়া বলেছিলেন, ‘ভুয়া ও প্লাস্টিক’।
এদিকে, পরিচালক মিলন লুথরিয়ার একটি সিনেমায় ইমরান যুক্ত থাকায় ঐশ্বরিয়া অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তবে ওই সিদ্ধান্তের কারণ নিশ্চিত করা হয়নি।
২০০৪ সালে যাত্রা শুরু করা ‘কফি উইথ করণ’ বলিউড তারকাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, খোলামেলা কথোপকথন ও দ্রুত প্রশ্নোত্তর পর্বের জন্য পরিচিত। আটটি মৌসুমে অনুষ্ঠানটি থেকে তৈরি হয়েছে বহু আলোচিত মুহূর্ত, যার কিছু এখনো সংবাদমাধ্যমে ফিরে ফিরে আসে।
প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানটির নবম ও শেষ মৌসুম ১৪ অক্টোবর জিওহটস্টারে শুরু হয়েছে। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে রয়েছেন সালমান খান।