শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
রোববার (১৮ অক্টোবর) দিন ও রাতব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে এম এ হান্নান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সংসদ সদস্য এম এ হান্নান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।”
তিনি আরও বলেন, নাসিরনগরসহ সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হোক, এটাই সবার প্রত্যাশা। প্রতিটি নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিএনপি মানুষের অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে বলেও তিনি উল্লেখ করেন।
এম এ হান্নান বলেন, “আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে ধর্মীয় পরিচয় কখনো বিভেদ সৃষ্টি করবে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব।”
পরিশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
The post নাসিরনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি এম এ হান্নান appeared first on ভোরের চেতনা.
