বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বামনা শাখার কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি।
বামনা গার্লস স্কুল প্রাঙ্গণে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা অনিয়ম-অপকর্মে জড়ালে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। নেতাকর্মীদের জনস্বার্থকে প্রাধান্য দিয়ে শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানান তিনি।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সড়ক, সেতু, ঘাট ও কালভার্ট নির্মাণ ও সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। ইনশাআল্লাহ, আগামী দুই বছরের মধ্যে বামনাকে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে কাজ করা হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নকাজ শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা নষ্ট হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিজ খরচে মেরামত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানান। এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন তিনি।
