সাতক্ষীরার দেবহাটায় মহানবী হযরত মুহাম্মদ (সা.), মহান আল্লাহ তাআলা ও পবিত্র কোরআন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে ওহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও মারধরের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
নিহত শামীম দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ছোট শান্তা গ্রামের শামসুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সম্প্রতি শামীমের একটি অডিও কথোপকথন ও কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইসলাম ধর্ম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হলে গত সোমবার (১২ অক্টোবর) রাতে শামীম নিজ বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে তার পরিবার।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে তাকে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে ধর্মীয় অবমাননার অভিযোগ ছড়িয়ে পড়লে পারুলিয়া, কুলিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্রের দাবি, মঙ্গলবার সন্ধ্যা ও রাতে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল ক্ষুব্ধ ব্যক্তি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। এ সময় চিকিৎসাধীন শামীমের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
