স্মার্টফোন হঠাৎ ধীরগতিতে কাজ করছে, অ্যাপ খুলতে সময় লাগছে কিংবা বারবার হ্যাং হয়ে যাচ্ছে? এমন পরিস্থিতিতে অনেকেই ফোন রিস্টার্ট করেন। কখনো এতে সমস্যার সমাধানও হয়। কিন্তু ফোন স্লো হলেই বারবার রিস্টার্ট করা কি সত্যিই কার্যকর? নাকি সমস্যার আসল কারণ থেকে যাচ্ছে আড়ালেই?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফোন রিস্টার্ট করলে অপারেটিং সিস্টেম নতুন করে চালু হয়। একই সঙ্গে চলমান অ্যাপ ও সাময়িক সিস্টেমের কাজও আবার শুরু হয়। ফলে কোনো অ্যাপ আটকে গেলে বা সফটওয়্যারে সাময়িক ত্রুটি দেখা দিলে রিস্টার্টের পর ফোন স্বাভাবিকভাবে কাজ করতে পারে।
তবে বারবার রিস্টার্ট করলেই ফোনের গতি স্থায়ীভাবে বেড়ে যায়, এমন ধারণা ঠিক নয়। ফোনের ধীরগতির পেছনে অন্য কারণ থাকলে শুধু রিস্টার্ট করে সমস্যার সমাধান সম্ভব নয়।
কেন স্লো হয়ে যায় স্মার্টফোন?
ফোনের স্টোরেজ প্রায় পূর্ণ হয়ে গেলে বিভিন্ন কাজ করতে সমস্যা হতে পারে। পাশাপাশি ভারী অ্যাপের চাপ, পুরোনো সফটওয়্যার, ব্যাটারির দুর্বল অবস্থা কিংবা হার্ডওয়্যারের সীমাবদ্ধতাও ফোনের কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে।
ফোনের গতি বাড়াতে কী করবেন?
প্রথমেই ফোনের স্টোরেজ পরীক্ষা করুন। অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও ফাইল সরিয়ে জায়গা খালি করুন। যেসব অ্যাপ ব্যবহার করেন না, সেগুলো মুছে ফেলতে পারেন। পাশাপাশি অপারেটিং সিস্টেম ও অ্যাপের আপডেট আছে কি না, তা পরীক্ষা করুন।
কোনো নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সময় ফোন স্লো হলে সেটি আপডেট করা বা ক্যাশ পরিষ্কার করে দেখতে পারেন। সমস্যা চলতে থাকলে ব্যাটারি কিংবা সফটওয়্যারের ত্রুটি পরীক্ষা করা প্রয়োজন হতে পারে।
মনে রাখবেন, ফোন হ্যাং করলে একবার রিস্টার্ট করা কার্যকর হতে পারে। তবে সমস্যার সমাধানে বারবার একই কাজ না করে ধীরগতির প্রকৃত কারণ খুঁজে বের করাই বুদ্ধিমানের কাজ।
