গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ২২ মিনিটে কারখানাটির বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত মালামাল সংরক্ষণের গুদামে (স্টোর) হঠাৎ আগুনের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার স্টেশনের চারটি ইউনিট এবং পরবর্তীতে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনুসন্ধানে কাজ করছে সংস্থাটি।
জেএইচআর
