ঢাকা,১৬ অক্টোবর-ভারত থেকে নতুন ১৮টি ব্রডগেজ যাত্রীবাহী রেলকোচ আজ শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশে আসছে।
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করবে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সেগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন কোচ যুক্ত করার অংশ হিসেবে প্রথম চালানে এসব কোচ আসছে।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মামুনুর রশিদ জানান, গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাব প্রদেশের কাপুরথালা এলাকা থেকে কোচগুলোর যাত্রা শুরু হয়। বর্তমানে সেগুলো ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে রয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে সেখান থেকে কোচগুলো ছেড়ে ভারতের গেদে চেকপোস্টে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে দর্শনা রেলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে।
দুপুর ১টার দিকে কোচগুলো দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনে পৌঁছাতে পারে।
তিনি আরও জানান, দর্শনায় কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর কোচগুলো সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব কারখানায় নেওয়া হবে।
ভারতের রাইটস লিমিটেড নামের সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এসব ব্রডগেজ রেলকোচ সংগ্রহ করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত মোট ২০০টি ব্রডগেজ রেলকোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে চার ধরনের ১৮টি কোচ রয়েছে। এর মধ্যে ১১টি নন-এসি শোভন চেয়ার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, দুটি এসি স্লিপার কোচ এবং দুটি এসি পাওয়ার কার রয়েছে।
বিশেষ নিরাপত্তা ও বিভিন্ন ধরনের ব্যবহারের কথা বিবেচনা করে পাওয়ার কারগুলোর মধ্যে গার্ডদের জন্য আলাদা কামরা রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ যাত্রীদের মালামাল বা লাগেজ বহনের জন্যও নির্দিষ্ট জায়গার ব্যবস্থা রয়েছে।
এস এম/ ১৬ অক্টোবর ২০২৬
