ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় বাইরে থেকে স্যালাইন কিনে আনা বলা রোগীকে এক হাজার টাকা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনের সময় হাসপাতালের গাইনি ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
পরিদর্শনের সময় হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক রোগীর লোকের হাতে স্যালাইন দেখে জানতে চান- তিনি কোথা থেকে স্যালাইন এনেছেন। এসময় রোগীর লোক জানায়, স্যালাইন বাইরে থেকে কিনে আনতে বলেছিল- তাই কিনে এনেছি। বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয়েছে কেন, তা জানতে চান মন্ত্রী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ওই রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা দেন।
এ ছাড়া হাসপাতালে অগ্নিকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। জবাবে ছুটির কারণে প্রতিবেদন দিতে দেরি হয়েছে বলে জানানো হয়।
হাসপাতালের ময়লার ভাগাড়ে ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাওয়ার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ ও ওয়াশরুমের অবস্থাও তদারকি করেন।
হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এর আগে হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জ ও চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।
এ সময় চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সময়মতো হাসপাতালে উপস্থিত না হওয়ার বিষয়েও ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
