কক্সবাজারে ১০ মৃত্যু • নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দাবি ব্লাস্টের
কক্সবাজারের উখিয়ার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনসহ ১০ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
একই সঙ্গে আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করা হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দায়িত্বে অবহেলা ও আইন লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছে ব্লাস্ট।
বিজ্ঞাপন
রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা বলে ব্লাস্ট।
শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানী-পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত নয়জন আহত হয়েছেন। এছাড়া কয়েকজন নিখোঁজ বলেও জানা গেছে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না এবং এর আগে অগ্নিঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল। এই তথ্য সত্য হলে তা কেবল একটি দুর্ঘটনার বিষয় নয়; বরং অগ্নিনিরাপত্তা বিধিমালা প্রতিপালন, ঝুঁকি শনাক্তকরণ, পূর্ববর্তী সতর্কতার পর গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি ও দায়িত্ব পালনের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে। পূর্বে সতর্ক করা হয়ে থাকলে সেই সতর্কতার পর কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, ঝুঁকি থাকা সত্ত্বেও রিসোর্টটি কীভাবে পরিচালিত হচ্ছিল এবং অগ্নিকাণ্ডের সময় পর্যাপ্ত নিরাপত্তা ও উদ্ধারব্যবস্থা কার্যকর ছিল কি না—এসব প্রশ্নের নিরপেক্ষ উত্তর নিশ্চিত করা জরুরি।
ব্লাস্ট মনে করে, এ ধরনের প্রাণঘাতী অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, নিরাপত্তাব্যবস্থার ঘাটতি এবং সম্ভাব্য অবহেলা বা আইন লঙ্ঘনের বিষয়গুলো স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে তদন্তের ফলাফল জনসমক্ষে প্রকাশ এবং দায় নির্ধারণের ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কর্তৃপক্ষকে অযৌক্তিকভাবে দায়মুক্তি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় যেসব দাবি জানায় ব্লাস্ট
- নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত: অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, অগ্নিনিরাপত্তাব্যবস্থা, জরুরি বহির্গমনপথ, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং উদ্ধার কার্যক্রমের পর্যাপ্ততা ও কার্যকারিতা তদন্ত করতে হবে। তদন্তের ফলাফল ও সুপারিশ জনসমক্ষে প্রকাশ করতে হবে।
- লাইসেন্স ও নিরাপত্তাব্যবস্থা যাচাই: রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্স, ভবন নির্মাণ ও ব্যবহারের অনুমোদন, নিরাপত্তাবিধি প্রতিপালন এবং পূর্ববর্তী অগ্নিঝুঁকি-সংক্রান্ত সতর্কতার পর গৃহীত পদক্ষেপ যাচাই করতে হবে। সংশ্লিষ্ট নথিপত্র ও তদারকি কার্যক্রমও তদন্তের আওতায় আনতে হবে।
- দায়ীদের জবাবদিহিতা নিশ্চিতকরণ: তদন্তে দায়িত্ব পালনে অবহেলা, নিরাপত্তাবিধি লঙ্ঘন কিংবা আইনগত দায়িত্বে ব্যর্থতার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
- আহত, নিহত ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে জরুরি পদক্ষেপ: আহতদের প্রয়োজনীয় ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে। নিহতদের পরিচয় শনাক্তকরণ, মরদেহ যথাযথ প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আইনি, মানসিক ও সামাজিক সহায়তা দিতে হবে।
- পর্যটনকেন্দ্রগুলোতে নিয়মিত অগ্নিনিরাপত্তা পরিদর্শন: কক্সবাজারসহ দেশের সব পর্যটনকেন্দ্রের হোটেল, রিসোর্ট ও অন্যান্য আবাসন প্রতিষ্ঠানে নিয়মিত ও কার্যকর অগ্নিনিরাপত্তা পরিদর্শন নিশ্চিত করতে হবে। ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, নিরাপত্তাব্যবস্থার ঘাটতি দূর করা এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে বের হওয়ার কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
- ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন: নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের ক্ষয়ক্ষতি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসা ব্যয়, নিহতদের পরিবারের আর্থিক ক্ষতি এবং দুর্ঘটনার ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় কার্যকর সহায়তা ও পুনর্বাসনব্যবস্থা গ্রহণ করতে হবে।
ব্লাস্টের মতে, মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা কোনো ঐচ্ছিক দায়িত্ব নয়; এটি আইনগত ও নৈতিক বাধ্যবাধকতা। পর্যটনকেন্দ্রের কোনো আবাসন প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তার ঘাটতি, কার্যকর তদারকির অভাব কিংবা পূর্ববর্তী সতর্কতা উপেক্ষা করা হয়ে থাকলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, এই মর্মান্তিক ঘটনা তা আবারও সামনে এনেছে। প্রতিটি প্রাণহানি শুধু একটি পরিসংখ্যান নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা, ভবিষ্যৎ এবং বেঁচে থাকার অবলম্বন।
বিজ্ঞাপন
ব্লাস্ট নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলছে, শোক প্রকাশের পাশাপাশি এই প্রাণহানির দায় নির্ধারণ, ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন বিপর্যয় প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন অপরিহার্য। নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছতা, জবাবদিহিতা ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করার মধ্য দিয়েই নিহতদের প্রতি প্রকৃত সম্মান এবং জননিরাপত্তার প্রতি রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়বদ্ধতা প্রতিফলিত হতে পারে।
এফএইচ/এমআইএইচএস
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
