ঢাকার আশুলিয়ায় মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হতে রাজি না হওয়ায় মো. রাশেদ মিয়া (২৩) নামের এক চাকরিজীবী যুবককে বেধড়ক মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে ভুক্তভোগী রাশেদ মিয়া ও তাঁর বন্ধু মো. রিফাত (২৩) কর্মস্থল থেকে বের হয়ে আশুলিয়া থানাধীন জামগড়া সোনামিয়া মার্কেটের ডাচ্-বাংলা ব্যাংকের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে জামগড়া জুতা ফ্যাক্টরির সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁদের গতিরোধ করে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় শ্রমিক দলের নেতাকর্মী পরিচয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁরা ভুক্তভোগী রাশেদ ও তাঁর বন্ধু রিফাতকে একাধিকবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার জন্য চাপ ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ওই স্থানে তাঁদের ওপর হঠাৎ হামলা চালানো হয়।
হামলার একপর্যায়ে রাশেদের বন্ধু ভয়ে ঘটনাস্থল থেকে সরে গেলে অভিযুক্তরা রাশেদকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারধর করেন। পরে তাঁর কাছ থেকে ১৪ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ‘ওপ্পো এ১৫’ (Oppo A15) মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। পরে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগে উল্লেখিত আটজন অভিযুক্ত হলেন রানা (৩৬), পিতা: ওয়াহাব আলী, বর্তমান ঠিকানা: জামগড়া কামরুলের মোড়, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; সাইদ হাসান মিঠু (৩৮), পিতা: আকবর আলী, বর্তমান ঠিকানা: জামগড়া কাঁঠালতলা, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; মো. রফিক (৩৯), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: জামগড়া তেঁতুলতলা, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; মো. হামিম (৩২), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: জামগড়া তেঁতুলতলা রোড, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; হাসান (৪০), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: কান্দাইল, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; বিপ্লব (৪১), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: কাঁঠালতলা ক্যাপ ফ্যাক্টরি, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; পলাশ (৪০), পিতা: অজ্ঞাত, বর্তমান ঠিকানা: জামগড়া কাঁঠালতলা, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা; এবং দেলোয়ার (৩০), পিতা: সুবহান মিয়া, বর্তমান ঠিকানা: জামগড়া কাঁঠালতলা, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা।
ভুক্তভোগী রাশেদ মিয়া জানান, ঘটনার পর আত্মীয়স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনগত নিরাপত্তার স্বার্থে তিনি আশুলিয়া থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
