বোগোটা, ২০ অক্টোবর-দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি অবৈধ স্বর্ণখনি ধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ রয়েছেন।
সোমবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এপি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নারিনো বিভাগের সান্তা বারবারা দে ইসকুয়ান্দে পৌরসভার প্রত্যন্ত চামবেরো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নারিনোর গভর্নর লুইস আলফোনসো এসকোবার জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। তবে দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মকর্তা হোর্হে তোভার কাস্তিলো জানিয়েছেন, এখনো ১২ থেকে ১৫ জন খনিশ্রমিক নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় পৌর কর্তৃপক্ষ কাজ করছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে।
ঘন বনাঞ্চলে ঘেরা সান্তা বারবারা দে ইসকুয়ান্দে এলাকায় নৌকা কিংবা ছোট উড়োজাহাজ ছাড়া যাতায়াত করা কঠিন।
গভর্নর এসকোবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খনিটিকে অনানুষ্ঠানিক খনি হিসেবে উল্লেখ করেছেন। কলম্বিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণহীনভাবে খননকাজ চালানোর ঘটনা প্রচলিত। এসব খনিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
এর আগে গত আগস্টে নারিনো বিভাগের পলিকারপা পৌরসভায় একই ধরনের খনি দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছিল।
দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পাশে থাকার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছেন গভর্নর এসকোবার।
এস এম/ ২০ অক্টোবর ২০২৬
