কালবেলা · সাধারণ
সাভারে পোশাককর্মীর মৃত্যু, এমডি-পরিচালকের বিরুদ্ধে মামলা
১৫/১০/২০২৬

ঢাকার সাভারের আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার আটতলার ছাদ থেকে পড়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
এ ঘটনায় কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ হোসেনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাতে ওই পোশাককর্মীর বড় ভাই ইস্কান্দার আলী খান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জামাল উদ্দিন দীর্ঘদিন ধরে আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের পোশাক কারখানায় সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে প্রতিদিনের মতো তিনি কর্মস্থলে যোগ দেন। এর প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা জানতে পারেন, কারখানা ভবনের আটতলার ছাদ থেকে নিচে পড়ে গেছেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এজাহারে বাদী অভিযোগ করেন, জামাল উদ্দিন কর্মরত বিভাগে বেশ কিছুদিন ধরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছিল। এসব ঘটনায় তিনি ভীত ছিলেন। বিষয়গুলো নিয়ে স্ত্রী সাবেকুন নাহারকে ফোনে জানিয়েছিলেন তিনি। এছাড়া অভিযুক্তদের অসদাচরণ ও ক্রমাগত মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে জামাল উদ্দিন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন তার বড় ভাই।
এদিকে, এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মূল প্রতিবেদনে যান ↗