নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. মাসুদুর রহমান গিয়াস ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতারা বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে সংঘর্ষ, প্রাণহানি, চাঁদাবাজি ও দখলসংক্রান্ত অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। সর্বশেষ আড়াইহাজারে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনা এবং এর আগে রূপগঞ্জে একটি মাহফিলের পোস্টারে নাম অন্তর্ভুক্ত করা নিয়ে বিরোধের জেরে একজনের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন তাঁরা।
তাঁদের মতে, এসব ঘটনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা রয়েছে।
জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কেউ যেন অপরাধ সংঘটনের সুযোগ না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। অপরাধ দমনে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্তে অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান তাঁরা।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন, রাজনৈতিক সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিভিন্ন স্থানে সংঘর্ষ, চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও হতাশা তৈরি করছে।
নেতারা একই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, ন্যায়বিচার প্রতিষ্ঠায় অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।
নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, হত্যাকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক সংঘর্ষ প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতির শেষাংশে জামায়াত নেতারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে। একই সঙ্গে নারায়ণগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।
The post নারায়ণগঞ্জে সংঘর্ষ, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে জামায়াতের উদ্বেগ appeared first on ভোরের চেতনা.
