নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় ট্যাক্স চালানপত্রবিহীন প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।আজ সোমবার সকাল ১১টার দিকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, নারায়ণগঞ্জের একটি প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
পরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জ সদরের জিমখানা, টানবাজার এলাকার ব্যবসায়ী রাজীব সাহার মালিকানাধীন ‘এস. আর. ট্রেড’-এর একটি অনিবন্ধিত গোডাউনে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে কোনো ধরনের বৈধ কর চালানপত্র ছাড়াই মজুত রাখা চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম অরিজিনের পলিয়েস্টার ও নাইলন সুতাসহ মোট ৭৭ হাজার ৩৯০ কেজি বিদেশি অবৈধ সুতা পাওয়া যায়। এছাড়া একই গোডাউন থেকে চালানপত্রবিহীন আরও ১০ হাজার কেজি স্থানীয়ভাবে উৎপাদিত সুতাও জব্দ করা হয়।
উদ্ধারকৃত মোট ৮৭ হাজার ৩৯০ কেজি সুতার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের প্রযোজ্য রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব সুতা মজুত করা হয়েছিল। রাজস্ব আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইতোমধ্যে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
