Published on
:
1 min read
এই সময়, চোপড়া: স্ত্রী হাঁটতে পারেন না, তবুও তাঁর পুজোর আনন্দে কোনও খামতি রাখতে চান না স্বামী। তাই স্ত্রীকে কোলে তুলে মোটরবাইকে চাপিয়ে মণ্ডপে-মণ্ডপে ঘুরছেন স্বামী। বছর পাঁচেক আগে চোপড়ার কালাগছের বাসিন্দা মান্টি সরকারের সঙ্গে প্রেম করে বিয়ে করেন ইসলামপুরের শিবডাঙিপাড়ার বাসিন্দা লিটন বর্মন।
মান্টি ছেলেবেলা থেকেই বিশেষভাবে সক্ষম। বিয়ের পর থেকে তাঁরা চোপড়ার কালাগছ এলাকাতেই একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন। লিটন এলাকায় একটি ওষুধের দোকানে কাজ করে এবং মান্টি বাচ্চাদের পড়ায় ও আঁকা শেখায়। স্ত্রীর শারীরিক বাধা পুজোর আনন্দ মাটি হতে দেননি লিটন। স্ত্রীকে কোলে তুলে মোটরবাইকে চাপিয়ে একের পর এক মণ্ডপে নিয়ে যাচ্ছেন। লিটন বলেন, ‘প্রতিবছরই আমরা একসঙ্গে এই ভাবেই পুজো মণ্ডপ ঘুরে দেখি ও আনন্দ একে অপরের সঙ্গে ভাগ করে নিই।’
