দেশের বিভিন্ন জায়গায় আরও ৯৯৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ৯১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মৃত্যু হয়েছে দুজনের। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত।
সরকারি হিসাব বলছে, হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০২ জন, চট্টগ্রামে ১৯৩, সিলেটে ১২৫, বরিশালে ৯৪, খুলনায় ৮১, ময়মনসিংহ ৬৩, রাজশাহীতে ২৩ ও রংপুরে ৩০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ২০৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৯৬ জন মারা গেছে ঢাকা বিভাগে।এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৯৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ১০২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৫, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। একই সময়ে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৭৬০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ জন। দেশে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। এর মধ্যে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।
