কুমিল্লার চৌদ্দগ্রাম নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলার আহ্বায়ক মামুন মজুমদার। বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দেন।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির আহ্বায়ক ব্যারিস্টার মাজারুল ইসলাম সোহেল ও সদস্য সচিব সৈয়দ আহসান টিটুর অনুমোদনে চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে মামুন মজুমদারকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। এর পরপরই ফেসবুকে পোস্ট দিয়ে কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে মামুন মজুমদার লেখেন, তিনি সবসময় রাজনৈতিকভাবে সচেতন থাকলেও প্রকাশ্য রাজনীতি থেকে দূরে ছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং জাতীয় নাগরিক পার্টি গঠন পর্যন্ত দেশের ক্রান্তিকালে দায়বদ্ধতা থেকে দলটির বিভিন্ন কর্মসূচিতে সচেতনভাবে অংশ নিয়েছেন।
তিনি আরও লেখেন, ব্যক্তিগত কারণে অনেক আগেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জেলা এনসিপি চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করার পর সেখানে নিজের নাম দেখতে পান, যা তার নিজস্ব মতামতের ভিত্তিতে হয়নি। এ কারণে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি উপজেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন।
একই সঙ্গে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং উপজেলা এনসিপিতে কাজ করা আত্মীয়স্বজন ও বন্ধুদের শুভকামনা জানান।
পদত্যাগের বিষয়ে মামুন মজুমদার বলেন, ‘কমিটি ঘোষণার আগেই জানিয়েছিলাম, আমি কমিটিতে থাকব না। তারপরও চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটিতে ভুলবশত আমাকে রাখা হয়েছে। তাই ফেসবুকে পোস্ট দিয়েছি। তবে আমি জেলা কমিটির সদস্য হিসেবে থাকব।
বৃহস্পতিবার রাতে কুমিল্লা দক্ষিণ জেলা এনসিপির সদস্য সচিব সৈয়দ আহসান টিটু বলেন, ‘মামুন মজুমদার লিখিত কোনো পদত্যাগপত্র জমা দেননি। তবে ফেসবুকে তার পদত্যাগের পোস্ট তারা দেখেছেন। ইতোমধ্যে উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদ থেকে তার নাম প্রত্যাহার করা হয়েছে।’
সৈয়দ আহসান টিটু আরও জানান, তাদের ধারণা, কাঙ্ক্ষিত পদ না পাওয়ার কারণে মামুন মজুমদার ফেসবুকে পদত্যাগের পোস্ট দিয়েছেন।
