ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলছে। ১৮ জন শিক্ষকের প্রয়োজন হলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র আটজন। তাঁদের মধ্যে দুজন প্রশিক্ষণে থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ মাত্র ছয়জন শিক্ষক দিয়ে চলছে ৫২৯ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটের কারণে নিয়মিত পাঠদান পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। এর মধ্যে বিভিন্ন সময়ে শিক্ষকদের ছুটিতে থাকতে হওয়ায় সীমিত জনবল দিয়ে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত দাস জানান, প্রায় দুই বছর ধরে মাত্র ছয়জন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানসহ বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তিনি আরও জানান, শিক্ষক সংকট নিরসনে গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে শূন্য পদে ১০ জন শিক্ষক পদায়নের জন্য আবেদন করা হয়েছে। এ ছাড়া বিষয়টি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ৫২৯ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রয়োজনের তুলনায় শিক্ষকসংখ্যা কম হওয়ায় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁদের মতে, শিক্ষার্থীদের পাঠদানের মান বজায় রাখতে দ্রুত শিক্ষক সংকট নিরসন জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ ও পদায়নের উদ্যোগ নিলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে গতি ফিরবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে বলে আশা করছেন তাঁরা।
The post সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট, ৬ জনে চলছে পাঠদান appeared first on ভোরের চেতনা.
