কালবেলা · বিনোদন
আত্মহত্যা করেছেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটে
১৩/১০/২০২৬

জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিটে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের ১৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে তার মৃত্যু হয়।
আরজে মিটের মৃত্যুর খবর নিশ্চিত করে হলিউড রিপোর্টারকে দেওয়া এক বিবৃতিতে তার প্রতিনিধিরা জানান, গভীর দুঃখের সঙ্গে তারা প্রিয় অভিনেতা, মানবহিতৈষী এবং প্রতিবন্ধী অধিকার নিয়ে সোচ্চার কর্মী আরজে মিটের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছেন।
তার মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনো জানানো হয়নি। তবে মার্কিন সংবাদমাধ্যম টিএমজেড জানিয়েছে, আত্মহত্যা করেছেন তিনি।
‘ব্রেকিং ব্যাড’ সিরিজের ৫টি মৌসুমেই অভিনয় করেছেন আরজে মিটে। সিরিজে তার অভিনীত ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রটি দর্শকদের কাছে পরিচিতি পায়। বাস্তব জীবনেও তার সেরিব্রাল পালসি ছিল। তিন বছর বয়সে তার এই শারীরিক অবস্থার বিষয়টি শনাক্ত হয়।
অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার পক্ষে সোচ্চার ছিলেন মিটে। নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করেছেন তিনি। ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন মিটে। পাশাপাশি তিনি ছিলেন মিটে ফাউন্ডেশনের সভাপতি। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা ও সমাজে অন্তর্ভুক্তি বাড়ানোর বিভিন্ন উদ্যোগে কাজ করত এই ফাউন্ডেশন।
কেনেডি সুয়ারেজের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল মিটের। ২০২০ সালের দিকে তাদের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর বাগদান করেন তারা। ২০২৫ সালের ১০ অক্টোবর সুয়ারেজের ৩০তম জন্মদিনে তাকে বিয়ের প্রস্তাব দেন মিটে। সান দিয়েগোর ইউনাইটেড সেরিব্রাল পালসির ৫৬তম বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এ প্রস্তাব দেন তিনি। ক্যালিফোর্নিয়ার কার্লসবাডের পার্ক হায়াত আভিয়ারা রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে মিটে হাঁটু গেড়ে বসে সুয়ারেজকে বিয়ের প্রস্তাব দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির দূত হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি।
মিটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন ভক্তরা। ‘ব্রেকিং ব্যাড’এ তার অভিনয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিয়ে কাজের প্রশংসা করছেন অনেকে।
এক ভক্ত লিখেছেন, আরজে মিটে ওয়াল্ট জুনিয়র চরিত্রটিকে বাস্তব ও আবেগপূর্ণ করে তুলেছিলেন। তিনি বিশ্বকে দেখিয়েছেন, প্রতিবন্ধিতা কোনো মানুষের পরিচয়ের সবটুকু নয়। শান্তিতে থাকুন। আপনি সব সময় ব্রেকিং ব্যাড পরিবারের অংশ হয়ে থাকবেন।
আরেক ভক্ত লিখেছেন, খবরটি শুনে ভেঙে পড়েছি। আরজের অভিনয় ছিল নির্মল এবং নীরব শক্তিতে ভরপুর। ব্রায়ান ক্র্যানস্টন ও আনা গাননের সঙ্গে তার প্রতিটি দৃশ্যকে তিনি আরও আবেগপূর্ণ করে তুলেছিলেন। এত তাড়াতাড়ি চলে যাওয়ার কথা ছিল না।
আরেকজন লেখেন, সেরিব্রাল পালসি নিয়েও তিনি কত অসাধারণ অভিনয় করেছেন, তা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। পর্দায় প্রতিবন্ধী মানুষের প্রতিনিধিত্ব এবং সকালের নাশতার দৃশ্যগুলোতে আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। শান্তিতে থাকুন।
অন্য এক ভক্ত লেখেন, এমন দুঃসংবাদ দেখে খুব কষ্ট হচ্ছে। আমার মতো ব্রেকিং ব্যাডএর ভক্তরা তাকে গভীরভাবে মিস করবেন। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।
আরেকজনের ভাষ্য, আরজে এমন একটি চরিত্রকে প্রাণ দিয়েছিলেন, যেটি অন্য কারও হাতে একমাত্রিক হয়ে থাকতে পারত। কোনো কোনো সময় তিনি সিরিজটির নৈতিক কেন্দ্র হয়ে উঠেছিলেন। অভিনয়ের মতোই তার অধিকার নিয়ে কাজও গুরুত্বপূর্ণ ছিল।
আরেক ভক্ত সংক্ষেপে লেখেন, শান্তিতে থাকুন, আরজে মিটে। বিশ্ব একজন সদয় মানুষ ও প্রতিবন্ধী অধিকারকর্মীকে হারাল।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মূল প্রতিবেদনে যান ↗